নীলফামারী জেলা প্রাণী হাসপাতালের একমাত্র চিকিৎসক ছুটিতে আছেন সাড়ে ১০ মাস ধরে। ওই সাড়ে ১০ মাস ধরে হাসপাতালের প্রাণিসম্পদ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
সম্প্রতি ওই হাসপাতালে গিয়ে হাসপাতালের প্রধান ফটকে তালা দেখা যায়। পরে ওই হাসপাতালের দ্বিতীয় তলায় জেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা প্রাণী হাসপাতালের দায়িত্বে আছেন চিকিৎসক আবু রায়হান মোহাম্মদ ইসমাইল হোসেন আনছারী।
২০১৫ সালের ১৭ মার্চ তিনি ৪০ দিনের ছুটিতে গিয়ে আর আসেননি। এখানে বিনয় কুমার রায় নামে শিক্ষানবিশ একজন ভেটেরেনারি কম্পাউন্ডার রয়েছেন। তিনি তিন মাস অফিস করেন আবার তিন মাস প্রশিক্ষণে যান, এভাবে তিনি দুই বছর ধরে চাকরি করছেন। এ অবস্থায় জেলার প্রাণিসম্পদ স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে। এখানে বর্তমানে কর্মরত আছেন একজন গাড়িচালক ও একজন অ্যানিমেল অ্যাটেনডেন্ট। তাঁরাও ঠিকমতো হাসপাতালে আসেন না। এতে পশু স্বাস্থ্যসেবার মান নিয়ে বিপাকে পড়েছেন জেলার ছোট-বড় খামারি ও কৃষক পর্যায়ে পশু পালনকারীরা। এখানে অফিস সহকারী ও অফিস সহায়কের পদ শূন্য রয়েছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় ৪ লাখ ২১ হাজার ৫৭২টি পরিবারের (খানা) মধ্যে ২ লাখ ৫২ হাজার ৪১৭টি প্রাণি পালন পরিবার রয়েছে। এ ছাড়া ব্রয়লার খামার ২৭৪টি, লেয়ার খামার ৪৪, কোয়েল খামার ১২, হ্যাচারি খামার ৩, প্যারেন্ট স্টক খামার ৭, ছাগলের খামার ১৩২, ভেড়ার খামার ১৫২, ডেইরি খামার ২৬২, গরু মোটাতাজাকরণ খামার ৫১৭টি রয়েছে। এ ছাড়া জেলায় ফিডমিল দুটি, প্রাণী খাদ্য বিক্রেতা তিনজন ও কৃত্রিম প্রজননকেন্দ্র রয়েছে ৫২টি।
জেলা শহরের নীলসাগর ডেইরি ফার্মের মালিক জোর্তিময় রায় বলেন, ‘আগে জেলা প্রাণি হাসপাতালে গবাদি পশুপাখির বিভিন্ন রোগবালাইয়ের পরীক্ষা-নিরীক্ষা হতো। সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। চিকিৎসক না থাকায় সে সেবা থেকে আমরা বঞ্চিত।’ জলঢাকার চাওড়াডাঙ্গী গ্রামের আমিন ডেইরি ফার্মের ব্যবস্থাপক মোকছেদুল হোসেন বলেন, ‘জেলা প্রাণী হাসপাতালে পশুর রোগের চিকিৎসক নেই। তাই সঠিক রোগ নির্ণয় করতে না পারায় গত বছরের শেষ দিকে আমাদের খামারের একটি গরু মারা যায়।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহজালাল খন্দকার বলেন, ‘জেলা প্রাণী হাসপাতালের চিকিৎসক আবু রায়হান মোহাম্মদ ইসমাইল হোসেন আনছারী গত ১৭ মার্চ ৪০ দিনের ছুটি নেন। ছুটি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তাঁর অবর্তমানে জেলা প্রাণী হাসপাতালের কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
চিকিৎসক আবু রায়হান মোহাম্মদ ইসমাইল হোসেন আনছারীর মুঠোফোন নম্বর সংগ্রহের চেষ্টা করেও তা পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।