একমাত্র চিকিৎসকও নেই চার বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের একমাত্র চিকিৎসক। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাকে দিয়ে চলছে কেন্দ্রটির চিকিৎসাসেবা। ফলে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কেন্দ্রের একমাত্র এমবিবিএস চিকিৎসক হিসেবে ২০১০ সালের ১ জুলাই যোগদান করেন বিপ্লব কুমার সাহা। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ২০১১ সালের ১২ মে থেকে তিনি অনুপস্থিত আছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁর বাড়ি লোহাগড়া উপজেলার পোদ্দারপাড়ায়। বর্তমানে এখানে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, একজন আয়া ও একজন পিয়ন কর্মরত আছেন। এ ছাড়া এই হাসাপাতালে পরিবারকল্যাণ পরিদর্শক, পরিবারকল্যাণ পরিদর্শক এবং ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হাসা পাতালটির দোতলা ভবনের ভেতরে নিচতলায় ছয়টি কক্ষ। ছয়টি কক্ষই তালাবদ্ধ। দোতলায় চারটি কক্ষে পরিবার নিয়ে বসবাস করেন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শাফিউল্লাহ ও পিয়ন জ্যোৎস্না খানম।
জ্যোৎস্না খানম বলেন, ‘প্রায় দেড় বছর ধরে এখানে কাজ করি। এর মধ্যে এমবিবিএস ডাক্তারকে দেখিনি, তাঁকে চিনিও না। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন, তাই আজ চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।’
উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শাফিউল্লাহর সঙ্গে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি জানান, চিকিৎসা কেন্দ্রের ব্যবহারের ওষুধ নিতে এসেছেন। তিনি আরও জানান, তিনি সোম ও বৃহস্পতিবার লোহাগড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
এলাকাবাসী জানান, প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী এই কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক না থাকায় সবাই ফিরে যান। প্রায় ১৩ হাজার জনসংখ্যা অধ্যুষিত কাশিপুর ইউনিয়নের ১৭টি গ্রামের মানুষ ছাড়াও আশপাশের গ্রামের দরিদ্র লোকজন এখানে চিকিৎসাসেবা নিতে আসেন।
গত সোমবার স্বাস্থ্যকেন্দ্রে অবস্থানের সময় দেখা গেছে, বেশ কিছু রোগী চিকিৎসকের জন্য অপেক্ষা করে ফিরে যান। বেলা ১১টায় চিকিৎসার জন্য আসেন বাহিরপাড়া গ্রামের শলোকা বেগম (৬৮)। তিনি বলেন, ‘সারা রাত দাঁত আর প্যাটে ব্যথা। ঘুমাতি পারি নাই। ডাক্তার পালাম না। হ্যান্নে কী করব?’ কিছুক্ষণ বসে থেকে তিনি হতাশ মনে চলে গেলেন। এ সময় চিকিৎসকের অপেক্ষায় শলোকা বেগমের মতো বসে থেকে ফিরে যান ধোপাদহ গ্রামের মর্জিনা বেগম (৪৩), বদরুল আলম (৫৫), শাহবাজপুর গ্রামের রাহেলা বেগম (৬৫), আতিয়ার রহমানসহ (৬২) বেশ কয়েকজন রোগী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ ফজল এলাহী জানান, বিপ্লব কুমার সাহা অনুপস্থিত থাকার বিষয়টি প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়।
জানতে চাইলে নড়াইলের সিভিল সার্জন সুব্রত কুমার সাহা বলেন, ‘শুনেছি ওই চিকিৎসক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এত দিনে পদটি শূন্য হওয়া উচিত ছিল। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। এলাকার মানুষের চিকিৎসার বিষয়টি মাথায় রেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের অন্যতম সংগঠক (কোষাধ্যক্ষ) আবদুল হাই বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে হতদরিদ্র মানুষেরাই চিকিৎসা নিতে যায়। বিষয়টি উপলব্ধি করে বর্তমান প্রধানমন্ত্রী এসব কেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করেছেন। নিজ এলাকায় পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছেন। অন্তত দুই বছর এলাকায় থেকে চিকিৎসাসেবা দেওয়ার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।’