নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের একমাত্র ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকায় দূর থেকে আসা শিক্ষার্থীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দূর থেকে আসা অনেক শিক্ষার্থী কলেজ এলাকায় বাসা ভাড়া নিয়ে মেসের মতো করে থাকেন। এতেও আছে নানা বিপত্তি। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এনামুল ইসলাম মেসে থাকেন। তিনি বলেন, মেসের জন্য বাসা ভাড়া প্রায় দ্বিগুণ হাঁকেন বাড়িওয়ালারা। নিরুপায় হয়ে বেশি ভাড়া দিয়েই তাঁদের থাকতে হয়। আর বেশির ভাগ বাড়িওয়ালাই মেসের ছাত্রদের বাসা ভাড়া দিতে চান না। আরেক মেসে থাকা সম্মান প্রথম বর্ষের ছাত্র নাহিদ আহমেদ বলেন, প্রায় প্রতিদিনই মেসে সিট খুঁজতে আসেন শিক্ষার্থীরা। সিট না থাকায় ২০-৩০ কিলোমিটার দূর থেকে এসে অনেকেই ক্লাস করছেন।
সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তা খানম প্রতিদিন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে এসে ক্লাস করেন। তিনি বলেন, মেস করতে এখানে সুবিধামতো বাড়ি ভাড়া পাওয়া যায় না। তারপর আছে নিরাপত্তাহীনতা। সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম ক্লাস করেন মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে এসে। তিনি বলেন, যে কয়টি বাড়িতে ছাত্ররা মেস করে থাকেন, সেখানে সিট নেই। অন্য বাড়ি মেসের জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না। তাই এত কষ্ট করে প্রতিদিন ক্লাস করা সম্ভব হয় না। এ অবস্থায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত। ২০১৩ সালের ১১ অক্টোবর কলেজটি সরকারীকরণ করা হয়। এই কলেজে বর্তমানে শিক্ষার্থী প্রায় সাড়ে তিন হাজার। এর মধ্যে ছাত্র প্রায় দুই হাজার এবং প্রায় দেড় হাজার ছাত্রী। কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে সম্মান কোর্স চালু আছে। ১৯৮৭ সালে কলেজের খেলার মাঠের পাশে আট কক্ষবিশিষ্ট একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। ছাত্রাবাসটি প্রায় ১২ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। সম্মান কোর্স থাকায় এবং আশপাশের কলেজের চেয়ে ফল ভালো হওয়ায় এখানে অনেক দূর থেকেও শিক্ষার্থীরা আসেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আলী দেওয়ান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে ওই ছাত্রাবাসটি দুই লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়। এরপর ছাত্রদের থাকতে বলা হলেও নিরাপত্তাহীনতার কারণে তারা সেখানে থাকেনি। কারণ দিনে-রাতে সেখানে অসামাজিক আড্ডা হয়, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে ওই আট কক্ষের ছাত্রাবাস কলেজের জন্য যথেষ্ট নয়। কয়েক শ শিক্ষার্থীর জন্য দ্রুত আবাসিক ব্যবস্থা করা খুবই জরুরি। ৫০০ ছাত্র এবং ৩০০ ছাত্রী থাকতে পারে—এমন ছাত্রাবাসের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হবে।’