একমাত্র ডায়ালাইসিস যন্ত্রটিও বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের দুটি যন্ত্রের একটি শুরু থেকেই বিকল হয়ে পড়ে আছে। অপরটিও দুই সপ্তাহ ধরে বিকল হয়ে আছে।হাসপাতাল সূত্র জানায়, কিডনি ডায়ালাইসিসের জন্য ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুটি যন্ত্র পাঠানো হয়। ঢাকার পুরানা পল্টন লেনে অবস্থিত জনতা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান যন্ত্র দুটি সরবরাহ করে। সাত বছর হাসপাতালের গুদামে এগুলো বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে হাসপাতালের দুই নম্বর মেডিসিন ওয়ার্ডে চালু করার জন্য যন্ত্র দুটি স্থাপন করা হয়। এর মধ্যে দুটি যন্ত্রের একটি প্রথম দিন থেকেই বিকল। অনেক চেষ্টা করেও তা চালু করা সম্ভব হয়নি। তখন থেকে বিকল যন্ত্রটি ওই ওয়ার্ডেই পড়ে থাকে। এদিকে দরিদ্র রোগীদের চিকিৎসা-সুবিধার একমাত্র যন্ত্রটিও গত ১৩ সেপ্টেম্বর বিকল হয়ে পড়ে।জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করাতে রোগীদের খরচ পড়ে ৭৫০ টাকা। আর বেসরকারি কোনো হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করালে তিন হাজারের বেশি টাকা লাগে। হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। এখনো কোনো উত্তর মেলেনি।’