একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নূর আফরোজ

বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে একমাত্র নারী প্রার্থী বেগম নূর আফরোজ।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কালমেঘা ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বেগম নূর আফরোজ (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম নাছির (নৌকা), আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আকন মোহাম্মদ সহিদ (আনারস), জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবদুল কাদের (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. মুনসুর আহম্মদ (চশমা) ও মো. দেলোয়ার খান (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বেগম নূর আফরোজ বলেন, ১৯৯৭ সালে কালমেঘা ইউপিতে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। সেই থেকে টানা প্রায় ১৮ বছর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবার নিয়ে চতুর্থবারের মতো চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো দলীয় নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম নাছির ও তাঁর সমর্থকদের চাপের মুখে বেকায়দায় রয়েছেন। তাঁর (নূর আফরোজ) কর্মী-সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে জনগণ তাঁর সঙ্গে বিগত তিনটি নির্বাচনে ছিল, বর্তমানেও আছে দাবি করে বেগম নূর আফরোজ বলেন, ২২ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে সব চাপ ও প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে পাঁচ প্রার্থীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে নূর আফরোজ এবং তাঁর সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম নাছির।
উপজেলা নারী ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন বলেন, মানুষের জন্য নিজ (নূর আফরোজ) অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করে চলেছেন তিনি। তাঁর কাজের মধ্যে দলীয় দৃষ্টিভঙ্গি স্থান পায় না।