একমাত্র পন্টুন ১২ দিন ধরে নিমজ্জিত, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাতায়াতের পথে তিতাস নদীর গোকর্ণ লঞ্চঘাটের একমাত্র পল্টুনটি (জেটি) ১২ দিন ধরে পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে শত শত লঞ্চযাত্রীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত ওই লঞ্চঘাটে গতকাল শনিবার সরেজমিনে গিয়ে যাত্রীদের দুর্ভোগের বাস্তব চিত্র দেখা গেছে। গোকর্ণ লঞ্চঘাটের সংশ্লিষ্ট ইজারাদার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা ও তিতাস নদীপথে ব্রাহ্মণবাড়িয়ায় যাতায়াতের জন্য জেলার নবীনগর, বাঞ্ছারামপুর এবং পাশের নরসিংদী, ভৈরব ও আশুগঞ্জের শত শত লঞ্চযাত্রী গোকর্ণ লঞ্চঘাট ব্যবহার করে থাকেন। কিন্তু ঘাটের বিআইডব্লিউটিএর প্রায় ২০ বছরের পুরোনো একমাত্র পন্টুনটি ১৩ মার্চ আচমকা পানিতে তলিয়ে যায়। পন্টুনের অভাবে যাত্রীদের সিঁড়ি বেয়ে লঞ্চে ওঠানামা করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চযোগে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত চলাচলকারী চাকরিজীবী আমেনা বেগম বলেন, ‘পন্টুনের অভাবে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের কষ্ট করে লঞ্চে ওঠানামা করতে হচ্ছে। আসন্ন ঝড়-বৃষ্টির মৌসুমে তাঁদের আরও অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হবে।’ তিনি জরুরি ভিত্তিতে নতুন একটি পল্টুনের ব্যবস্থা করার দাবি জানান। ঘাটের ইজারাদার ইয়াকুব আলী বলেন, ‘জরাজীর্ণ এই পন্টুনটি বাদ দিয়ে একটি নতুন পল্টুন দেওয়ার জন্য দুই বছর ধরে আবেদন জানিয়ে আসছি। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।’ তিনি জানান, পন্টুনটির নিচে অসংখ্য ছিদ্র হয়ে সেটি পানিতে তলিয়ে যায়। এরপর দুই সপ্তাহ ধরে চাঁদপুরে বিআইডব্লিউটিএ কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে আজ এ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি।এ ব্যাপারে চাঁদপুর বিআইডব্লিউটিএ কার্যালয়ে একাধিকবার ফোন করেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘এত দিন ধরে জেলার নৌপথের যাত্রীরা পন্টুনের অভাবে এতটা দুর্ভোগ পোহাচ্ছেন, এ সংবাদ কেউ আমাকে অবগত করেনি। আমি কালই (আজ রোববার) সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’