একমাত্র প্রশিক্ষিত নার্সকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর হাসপাতালের হেমোডায়ালাইসিস ইউনিটের একমাত্র প্রশিক্ষিত নার্সকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই নার্স চলে গেলে হাসপাতালের এ ইউনিটটি বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসক ও রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ২০১২ সালে হাসপাতালটিতে এ ইউনিট চালু হয়। ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল জলিলের সম্মানে এর নাম রাখা হয় ‘আব্দুল জলিল হেমোডায়ালাইসিস ইউনিট’।

জেলা হাসপাতালের চিকিৎসকেরা বলেন, ডায়ালাইসিস বিভাগটি চালু হওয়ায় নওগাঁসহ উত্তরাঞ্চলের কিডনি রোগীরা কম খরচে এখানে চিকিৎসা নিতে পারছিলেন। বিভাগটি চালুর নার্স মিমি খাতুন ডায়ালাইসিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। সম্প্রতি সেবা পরিদপ্তর থেকে তাঁকে জেলার পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। সদর হাসপাতালে গত বুধবার ছিল মিমির শেষ কার্যদিবস।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, সম্প্রতি কিডনি বিশেষজ্ঞ জয়নাল আবেদিন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় মেডিসিন বিশেষজ্ঞরাই রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। আর ডায়ালাইসিসের ক্ষেত্রে তাঁদের বড় ভরসা ছিলেন মিমি খাতুন। এখন তিনি চলে গেলে অন্য নার্স দিয়ে এ বিভাগ চালু রাখা অসম্ভব হয়ে পড়বে। ায়ালাইসিস বিভাগটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ওই সেবিকার বদলির আদেশ স্থগিতের দাবিতে গত বুধবার হাসপাতালের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা বলেন, নওগাঁসহ পার্শ্ববর্তী রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট থেকে ডায়ালাইসিস সেবা নিতে রোগীরা এখানে আসতেন। হঠাৎ ওই অভিজ্ঞ নার্সকে বদলি করায় তাঁরা সমস্যায় পড়ে গেছেন। মিমি খাতুনের বদলির আদেশ স্থগিতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও জানানো হয়েছে।