দেশের একমাত্র মাদক পরীক্ষাগারটির অবস্থা অত্যন্ত বেহাল। সেখানে পরীক্ষক মাত্র দুজন। আর পরীক্ষার পর প্রতিবেদন লেখেন টেলিফোন অপারেটর, নিরাপত্তাকর্মী বা পিয়নরা। আন্তর্জাতিক মাদক পাচারের অন্যতম ট্রানজিট ও মাদক সমস্যায় ভারাক্রান্ত এই দেশে মাদক পরীক্ষার আধুনিক যন্ত্র যা-ও বা আছে, নেই তা চালানোর জন্য প্রশিক্ষিত কর্মী।১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, কোনো মাদকের রাসায়নিক পরীক্ষার প্রয়োজন দেখা দিলে তা এই একমাত্র পরীক্ষাগার থেকেই করতে হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অন্য কোনো জায়গা থেকে পরীক্ষা করে শনাক্ত করা মাদক আদালতে গ্রহণযোগ্য হয় না। এ কারণে পরীক্ষাগারটি যেমন কাজের চাপে হিমশিম খাচ্ছে, তেমনি এর পরীক্ষার মান নিয়েও সংশয়ের অবকাশ রয়ে যাচ্ছে।সারা দেশ থেকে উদ্ধার করা মাদক এখানেই পাঠানো হয়। এর প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চলে মামলার কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক আবু তালেব প্রথম আলোকে জানান, গত বছর এই পরীক্ষাগারে ২৫ হাজারের বেশি মাদকের নমুনা পরীক্ষা করা হয়। চলতি বছরের সাড়ে চার মাসেই নমুনার সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।সেই হিসাবে প্রতিদিন সেখানে ১৩০টির বেশি নমুনা পরীক্ষা করা হয়। আট ঘণ্টার অফিস সময়ের হিসাবে প্রতি ঘণ্টায় কর্মকর্তারা প্রায় ১৭টি নমুনার পরীক্ষা করেন। এ জন্য পরীক্ষক মাত্র দুজন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধান রাসায়নিক পরীক্ষকের পদে থাকা আবু তালেব নিজে রসায়নবিদ নন। রাসায়নিক পরীক্ষক দুজনকেই সব পরীক্ষা করে প্রতিবেদন দিতে হয়। তাঁরা তিনজন ছাড়া এখানে ১২ জন কর্মচারী রয়েছেন। লোকবলের অভাবে পিয়ন, টেলিফোন অপারেটর, নিরাপত্তাকর্মী, যাঁকে যখন হাতের কাছে পাওয়া যায়, তাঁকেই বসিয়ে দেওয়া হয় প্রতিবেদন লিখতে। বিষয়টি স্বীকার করে আবু তালেব বলেন, ‘কী করব, আমাদের তো লিখতে হবে। এখানে প্রতিবেদন লেখার জন্য কোনো কম্পিউটার নেই। কর্মচারীদের মধ্যে যাঁরা এইচএসসি পাস বা তার ওপরে, তাঁদের ধরে প্রতিবেদন লিখতে বসিয়ে দেওয়া হয়। লেখার সময় তাঁরা অনেক ভুলও করেন। এর মাশুল গুনতে হয় কর্মকর্তাদের।’কোটি টাকার যন্ত্র পড়ে আছে: কর্মকর্তারা জানান, ২০০০ সালে প্রায় আড়াই কোটি টাকায় এই পরীক্ষাগার স্থাপন করা হয়। এই টাকার অর্ধেক দিয়ে ভবন আর বাকি অর্ধেক দিয়ে কিছু উন্নত যন্ত্রপাতি কেনা হয় মাদক পরীক্ষার জন্য। কিন্তু এই যন্ত্রগুলো এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজে ব্যবহার করা হয়নি। দুজন রাসায়নিক পরীক্ষকের একজন দুলাল কৃষ্ণ সাহা বলেন, গ্যাস ক্রোমাটোগ্রাফি যন্ত্রের সব ব্যবহার সম্পর্কে তাঁরা কেউই জানেন না। এটি স্থাপনের পর কাউকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্রায় অব্যবহূতই পড়ে আছে অন্য আধুনিক যন্ত্রপাতিগুলোও।দায়সারা পরীক্ষা: এ বিষয়ে প্রধান পরীক্ষক আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘আসলে আমাদের এই যন্ত্রগুলোর দরকার হয় না। আমরা শুধু দেখে দিই পাঠানো নমুনার মধ্যে মাদকের কোনো উপাদান আছে কি না।’সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখানে পাঠানো মাদকগুলোতে শুধু একটি নির্দিষ্ট উপাদানের অস্তিত্ব খোঁজা হয়। ওই উপাদান থাকলেই কেবল প্রতিবেদন হ্যাঁ-বোধক হয়, অর্থাৎ সেটি মাদক বলে শনাক্ত করা হয়। যেমন—ফেনসিডিল বলে সন্দেহ হওয়া তরলের নমুনায় শুধু কোডেইন খোঁজা হয়। সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেটের নমুনায় খোঁজা হয় মিথাইল অ্যামফিটামিন। ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এক ধরনের মাদক ধরে অন্য মাদক সন্দেহ করলেই পরীক্ষার ফলাফল নেতিবাচক হয়। এ জন্য আদালতে মামলা দুর্বল হয়ে যায়।দুলাল কৃষ্ণ বলেন, সন্দেহভাজন ফেনসিডিলের নমুনায় কোডেইন আছে কি না তা জানতে সময় লাগে আধঘণ্টার মতো। তবে কোডেইনের মাত্রা কত তা জানতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগে বলে সে পরীক্ষা করাই হয় না। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত (ভারপ্রাপ্ত) মহাপরিচালক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষাগারটির লোকবল বাড়ানোর চেষ্টা করছি।’