একমাত্র শিশুপার্কটি ব্যবহারের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুপার্কের রাইডগুলো নষ্ট হয়ে গেছে l ছবি: প্রথম আলো
শিশুপার্কের রাইডগুলো নষ্ট হয়ে গেছে l ছবি: প্রথম আলো

সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জামালপুর পৌর শহরের একমাত্র শিশুপার্কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো পার্কটি ঝোপঝাড়ে ঢেকে গেছে। পার্কের সব রাইড ভাঙা। পার্কটি এখন গো-চারণভূমিতে পরিণত হয়েছে। সাত বছর ধরে পাথালিয়া এলাকার শিশুপার্কটির এমন বেহাল।
সরেজমিনে দেখা যায়, পার্কের মূল ফটকের সামনের রাস্তাটি ভাঙাচোরা। ভেতরে ছয়টি দোলনা, একটি নাগরদোলা, দুটি স্লিপার ও ছয়টি ঢেঁকি ভেঙে পড়ে আছে। চারটি ছাতার মধ্যে একটি ভেঙে গেছে। মূল ফটকে তালা লাগানো। সীমানাপ্রাচীরের ওপরের একটি অংশের গ্রিল নেই।
জামালপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে শহরের পাথালিয়া এলাকায় দুই একর জমির ওপর শিশুপার্কটি নির্মাণ করা হয়। পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগানো হয় গাছ। পার্কটি পরিচর্যার জন্য দুজন মালী এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। বর্তমানে একজন নিরাপত্তাকর্মী রয়েছেন। ২০১০ সাল পর্যন্ত পার্কটি ভালোভাবেই চলছিল। এরপর সংস্কার ও পরিচর্যার অভাবে ধীরে ধীরে পার্কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
জেলা শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, পৌর শহরে প্রায় চার লাখ মানুষের বসবাস। সরকারি-বেসরকারি মিলে বিদ্যালয় রয়েছে প্রায় শতাধিক। শহরে নামমাত্র একটি শিশুপার্ক রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটির বেহাল হয়ে পড়েছে। শিশুদের মানসিক বিকাশের জন্য প্রয়োজন বিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ। কিন্তু শহরে একেবারেই এ সুযোগ নেই। ফলে শিশু শিক্ষার্থীরা বিনোদনের জায়গা না পেয়ে অলস হয়ে পড়ছে। এতে তাদের বুদ্ধিবৃত্তির সুষ্ঠু বিকাশ ঘটছে না। শিশুপার্কটি দ্রুত নতুন আঙ্গিকে চালু করার দরকার।
পৌর শহরের বাসিন্দা জাকির হোসেন বলেন, শিশুদের বিনোদনের জন্য নামমাত্র এই পার্ক। দীর্ঘদিন ধরে পার্কে থাকা বিভিন্ন রাইড ভেঙে গেছে। ভেতরে জঙ্গল ও ময়লা-আবর্জনার কারণে শিশুরা তো দূরের কথা, বড়রাও ঢুকতে চান না। পার্কটির এমনই বেহাল দশা যে এখানে গরু-ছাগল চরে।
পার্কের নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে পার্কটির এমন বেহাল দশার কারণে অভিভাবকেরা শিশুদের নিয়ে এখানে আসতে চান না। শিশুরা না আসায় আমাকেও অলস সময় পার করতে হয়। বছরখানেক আগে কয়েকটি শিশু এখানে খেলাধুলা করতে আসে। তখন স্লিপার ভেঙে দুর্ঘটনায় এক শিশুর হাত ভেঙে গিয়েছিল। খেলাধুলার সব রাইড নষ্ট হয়ে গেছে। রাইডের লোহার বিভিন্ন জিনিসপত্র চোখের পলকে বখাটেরা চুরি করে নিয়ে যায়। এতে আমরাও বেকায়দার মধ্যে রয়েছি।’
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘শিশুপার্কটি আমি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। শিশুদের বিনোদনের কথা চিন্তা করে পার্কটি নতুন করে সংস্কার ও বিভিন্ন নতুন রাইড নির্মাণের একটি পরিকল্পনা চলছে। আগামী বাজেটে শিশুপার্কটি নতুন আঙ্গিকে সংস্কারের কাজ শুরু করা হবে।’