একমাত্র স্বতন্ত্র সাংসদ নির্বাচনে নেই
জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। বিরোধী দল নির্বাচন বর্জন করায় তিনি এ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জানতে চাইলে ফজলুল আজিম প্রথম আলোকে বলেন, ‘অতীত অভিজ্ঞতায় দেখেছি, একতরফা নির্বাচনে গঠিত সরকার কখনো স্থায়ী হয় না। এ ধরনের নির্বাচন জনজীবনে দুর্ভোগ বয়ে আনে। সব দলের অংশগ্রহণে নির্বাচিত সরকারই উত্তম। সেই বিবেচনায় নির্বাচন করা থেকে বিরত থেকেছি।’
নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিম বিরোধী দলের অনুপস্থিতিতে নিষ্প্রাণ সংসদে অসংখ্যবার প্রাণের সঞ্চার করেছিলেন। বর্তমান সংসদের আগে তিনি ১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস, জাতীয় পার্টির আনোয়ারুল আজিম এবং স্বতন্ত্র হিসেবে আমিরুল ইসলাম ও আজিমুল হাই নওয়াজেশ মনোনয়নপত্র জমা দিয়েছেন।