একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনের দাবি
মাদ্রাসা শিক্ষাসহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের দাবিতে সারা দেশ থেকে সংগ্রহ করা গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে সম্মিলিত সামাজিক আন্দোলন। আজ রোববার সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে শাহবাগে টেনিস ফেডারেশনের কমপ্লেক্সে মূল বক্তব্য পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য নুর মোহাম্মদ তালুকদার। তিনি জানান, ১০ মার্চ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গণজমায়েত শেষে র্যালি করে প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষর তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে চালু থাকা নানামুখী শিক্ষার বদলে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে গত তিন মাস ধরে সারা দেশ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। একমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতা পরবর্তী সবগুলো শিক্ষা কমিশনের রিপোর্টে সুপারিশ করা হয়েছে। ২০১০ সালে বর্তমান সরকারের গৃহীত শিক্ষা নীতিতে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে যা নিরসন জরুরি। এ দিকটি বিবেচনা করে উদ্যোগী ভূমিকা নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ন্যাপ নেতা পঙ্কজ ভট্টাচার্য, জিয়াউদ্দিন তারেক আলী, অধ্যাপক আজিজুর রহমান, অসিত বরণ রায় আবদুল মুনায়েম নেহেরু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।