একমুখী শিক্ষাব্যবস্থার দাবি
সর্বস্তরে কর্মমুখী, বিজ্ঞানমনস্ক, মানবিক মূল্যবোধভিত্তিক একই ধারার শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ টেনিস ফেডারেশনের পাশে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পদার্থবিজ্ঞানী অধ্যাপক অজয় রায়।
প্রধান অতিথির বক্তব্যে অজয় রায় বলেন, লেখক-প্রকাশক হত্যা, হোসেনি দালানে বোমা হামলা, মসজিদে ঢুকে হামলা, খ্রিষ্টান ধর্মযাজকদের হত্যার হুমকি, বিদেশি নাগরিকদের হত্যার মতো ঘটনার মাধ্যমে দেশকে জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টা চলছে। দেশের উন্নতি-অগ্রগতি ব্যাহত করার এই যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো অনতিবিলম্বে সারা দেশে একমুখী শিক্ষাব্যবস্থা চালু করা। এ সময় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার ও খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।