মাদ্রাসাশিক্ষাসহ সব ক্ষেত্রে বৈষম্যহীন একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলনের দাবিতে সারা দেশে সংগ্রহ করা গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে জমা দেবে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল রোববার শাহবাগে টেনিস ফেডারেশনের কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংগঠনের সভাপতি অজয় রায়ের সভাপতিত্বে মূল বক্তব্য পাঠ করেন প্রেসিডিয়াম সদস্য নূর মোহাম্মদ তালুকদার। তিনি বলেন, ১০ মার্চ বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গণজমায়েত শেষে শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীর কাছে গণস্বাক্ষর তুলে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে দেশে চালু থাকা নানামুখী শিক্ষার বদলে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে তিন মাস ধরে সারা দেশ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। একমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতা-পরবর্তী সব শিক্ষা কমিশনের রিপোর্টে এই সুপারিশই করা হয়েছে। ২০১০ সালে বর্তমান সরকারের গৃহীত শিক্ষানীতিতে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে, যা নিরসন জরুরি। এদিক বিবেচনা করে উদ্যোগী ভূমিকা নিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়।