
বিশ্বশান্তি, উন্নয়ন এবং মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ এবং সৌদি আরব। গতকাল রোববার বিকেলে জেদ্দার আন্দালুসে আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে তাঁরা এ অঙ্গীকার করেন।
পরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে এলে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে বেশ কয়েকটি তাঁদের জন্যও নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। যেখানে তাঁরা কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারবেন। শেখ হাসিনা রাজধানী ঢাকার যানজট সমস্যা দূর করতে ‘মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেম’ গড়ে তুলতে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।
সৌদি বাদশাহ এটিকে খুবই ভালো প্রস্তাব আখ্যা দিয়ে এ বিষয়ে সহযোগিতারও আশ্বাস দেন। তিনি বলেন, রাজনীতি, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার পাশাপাশি উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করার সুযোগ রয়েছে।
সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী ইসলামি জোটে বাংলাদেশের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন বাদশাহ সালমান। শেখ হাসিনা সৌদি আরবে বাংলাদেশের দক্ষ-অদক্ষ শ্রমিক নিয়োগের বিষয়টি উত্থাপন করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানিয়ে বলেন, এর মাধ্যমে ইসলামি সংস্কৃতি, আরবি ভাষা এবং ইসলামের মূল দর্শন প্রচার করা হবে, যাতে সব অপপ্রচার দূর হয়ে যায়। এ বিষয়টি শুনে সৌদি বাদশাহ আনন্দিত হন এবং এ ব্যাপারে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সৌদি বাদশাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সৌদি বাদশাহ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনিও বাংলাদেশ সফরের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান: সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেসিসিআই) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশের বস্ত্র, চামড়াশিল্প, পাট, সিরামিক, ওষুধশিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক পণ্য, হালকা প্রকৌশল টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় জেসিসিআইয়ের ভাইস চেয়ারম্যান মাজেন এম ব্যাটারজি দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
নির্মাণশিল্পে প্রকৌশলী, স্থাপত্যবিদসহ দক্ষ জনশক্তি সরবরাহে বৈঠকে সৌদি আরবের বাওয়ানি গ্রুপ ও বাংলাদেশের সেনাকল্যাণ সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও বাওয়ানি গ্রুপের মহাব্যবস্থাপক ফখির আল সাওয়াফ উভয় পক্ষে স্মারকে সই করেন।
প্রধানমন্ত্রী-ওআইসি মহাসচিব বৈঠক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে সাক্ষাৎ করেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানি। এ সময় ওআইসির মহাসচিব এনজিও, নারীর ক্ষমতায়ন ও সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে সহযোগিতা কামনা করেন।
বৈঠকের পর ব্রিফিংয়ে শহীদুল হক ও ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিবের অনুরোধের জবাবে বলেন, ওআইসি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে বাংলাদেশও সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করে ওআইসি মহাসচিব বলেন, বাংলাদেশের অগ্রগতিতে আশান্বিত হয়ে তাঁর সংস্থা এ বিষয়ে নতুন করে পদক্ষেপ নিয়েছে।
আইডিবির সুদের হার কমানোর আহ্বান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তেল আমদানিতে ঋণ দেওয়া ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) সুদের হার আরও কমিয়ে তা ‘প্রতিযোগিতামূলক’ করার জন্য আইডিবির প্রতি আহ্বান জানিয়েছেন। আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আহমেদ তিকতিক গত শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।
চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন: শনিবার রাতে রয়্যাল কনফারেন্স প্যালেসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি ভবন ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে জেদ্দায় কনস্যুলেট ভবন নির্মাণ করবে।