আইপিইউ সম্মেলনে জঙ্গিবাদ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী :১৩৬তম সম্মেলনের উদ্বোধন
একযোগে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ এখন কোনো একক দেশের সমস্যা নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা। জঙ্গিবাদের এই সমস্যা মোকাবিলার জন্য বিশ্বের সব দেশকে একযোগে কাজ করতে হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গতকাল শনিবার সন্ধ্যায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিশ্বের সব দেশকে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। শান্তির বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এর বিরুদ্ধে একযোগে কাজ না করলে পুরো বিশ্বকে অন্ধকার যুগে ফিরে যেতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র শুধু একটি ব্যবস্থা নয়, এটি সমস্যা থেকে উত্তরণের একটি পথও বটে। বিশ্বের সব দেশকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার করার ক্ষেত্রে আইপিইউ বড় ধরনের ভূমিকা রাখতে পারবে।
বক্তৃতায় প্রধানমন্ত্রী একাত্তরের স্বাধীনতাযুদ্ধ ও বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বহু মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ।
বিশ্ব অনেক এগিয়ে গেলেও এখনো সারা বিশ্বের ৮০ কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রে আইপিইউর পক্ষে বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে সংগঠনটি দারিদ্র্য বিমোচন, বিশ্ব শান্তিরক্ষা ও মানবাধিকার সুনিশ্চিতে বিশ্বের সব দেশকে নিয়ে একযোগে কাজ করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই প্রথমবারের মতো ১৭১টি সদস্যদেশের সংসদীয় সংগঠন আইপিইউর এ ধরনের বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ঐতিহাসিক ঢাকা নগরীতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের জন্য এটি সত্যিই একটি তাৎপর্যময় ঘটনা। আমি বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে অংশগ্রহণকারী সবাইকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করে সংসদ সদস্যরা দারিদ্র্য বিমোচন, বিশ্ব শান্তি স্থাপন ও সর্বোপরি মানবতার কল্যাণে বাস্তবধর্মী সুপারিশমালা প্রণয়ন এবং নিজ নিজ দেশে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন।
বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এরপর আইপিইউ টেলিভিশনের উদ্বোধন ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
১ হাজার ৪০০ ডেলিগেটের অংশগ্রহণে এবারের পাঁচ দিনব্যাপী সম্মেলনে ৫০টির বেশি দেশের স্পিকার, ২০০টির বেশি দেশের ডেপুটি স্পিকার এবং নারী সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
এর আগে সম্মেলনের সভাপতি, জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ আইপিইউ সম্মেলন আয়োজন করতে পেরে গৌরব বোধ করছে। বক্তৃতায় তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, অর্থনীতির উন্নয়ন, তৈরি পোশাক খাতে বিস্তারসহ উন্নয়নের অন্যান্য দিক তুলে ধরনে।
জঙ্গিবাদের অপতৎপরতার মধ্যে ও ভয়কে জয় করে বাংলাদেশে আসার জন্য বিভিন্ন দেশের স্পিকার ও সাংসদদের ধন্যবাদ জানান আইপিইউর সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘পুরো বিশ্বে নিরাপত্তার বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে যুক্তরাজ্যে পার্লামেন্টের সামনে নাশকতার ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে এক মঞ্চে জড়ো হয়েছেন।’
সাবের হোসেন চৌধুরী আরও বলেন, ‘সহস্রাব্দের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আইপিইউ আমাদের সেই লক্ষ্য অর্জনের মঞ্চ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইপিইউর মহাসচিব মার্টিন চুঙগং।
অনুষ্ঠানে জাতিসংঘের সহকারী আন্ডার সেক্রেটারি জেনারেল মিরেস্লাভ ইয়ানকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাণী পড়ে শোনান।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ নির্বাহী কমিটির সাক্ষাৎ
বার্তা সংস্থা বাসস জানায়, গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আইপিইউর নির্বাহী কমিটির সদস্যরা। আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বৈঠককালে প্রধানমন্ত্রী আইপিইউর নির্বাহী কমিটির সদস্যদের এবং বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের বাংলাদেশে আইপিইউ সম্মেলনে স্বাগত জানান। আর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে এ ধরনের একটি বড় সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন।