একযোগে কাজ করা গেলে সাফল্য আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত বর্তমানে বেশ কিছু অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশ এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করতে পারলে সাফল্য অর্জিত হবে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে দেওয়া নৈশভোজে গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলে শেখ হাসিনা এ কথা বলেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আমরা স্থিতিশীল, নিরাপদ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে ভারত সহযোগিতা দেবে।’ খবর বাসসের।শেখ হাসিনা বলেন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য এবং অনিশ্চিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখাসহ বিভিন্ন চ্যালেঞ্জ দুই দেশকেই মোকাবিলা করতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়। এই লক্ষ্যে প্রথম পদক্ষেপ ছিল ২০১০ সালের জানুয়ারিতে আমার ভারত সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলো।’প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে আরও এক ধাপ অগ্রগতি অর্জিত হয়েছে। আমরা স্থলসীমা নির্ধারণ, তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন, আঞ্চলিক সংযোগ, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, গণমাধ্যম, শিক্ষা এবং আমাদের অভিন্ন ঐতিহ্য সুন্দরবনের সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছেছি।’এ বছর উভয় দেশে ঐতিহ্যের উজ্জ্বল স্মারক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী একযোগে পালনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, কবিগুরুর জন্মবার্ষিকী উদ্যাপনে সাধারণ মানুষের যে সাড়া আমরা পেয়েছি, তা অনন্যসাধারণ। বিশ্বদরবারে ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান আজ সর্বজনস্বীকৃত।’শেখ হাসিনা বলেন, ‘এ বছর আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আমরা ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়নের উদ্যোগ নিয়েছি। এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা তাঁকে বিদেশি নাগরিকের জন্য আমাদের সর্বোচ্চ পদক “বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা” দিয়ে সম্মান জানিয়েছি।’অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, ঢাকায় এসে বাংলাদেশের জনগণের উষ্ণ ও বন্ধুত্বের ছোঁয়া পেয়ে এবং তাঁর সফরসঙ্গীদের প্রতি অসাধারণ আতিথেয়তা দেখে তিনি আনন্দিত। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কোন্নয়নে আপনার প্রতিশ্রুতিকে আমরা গভীরভাবে মূল্যায়ন করছি।’নৈশভোজে ভারতীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ উচ্চপর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।