একযোগে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অগ্রগতির মূল কথা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্বালন, আঁধার ভাঙার শপথ গ্রহণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা নারীদের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;
যশোর: বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখা ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) উদ্যোগে বিকেলে শহরের চিত্রা মোড়ে আলোচনা সভা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা প্রমুখ বক্তব্য দেন।
ফরিদপুর: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। পরে ফরিদপুরের ১০ জন জয়িতাকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন সালথার লিপি বেগম, ভাঙ্গার লাবণী আক্তার ও ফাতেমা বেগম, আলফাডাঙ্গার রাবেয়া ও সুফিয়া বেগম এবং সদর উপজেলার নার্গিস খোন্দকার, নাজমা বেগম, রাহীমা আক্তার, রহিমা বেগম ও মমতা বেগম।
বাগেরহাট: সকালে স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রশাসনের এবং শহীদ মিনার এলাকা থেকে টিআইবির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে বিএমএ মিলনায়তনে টিআইবি এবং স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
পটুয়াখালী: জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে স্থানীয় সার্কিট হাউস থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রা ব্যায়ামাগার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।
মাগুরা: জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর গতকাল থেকে তিন দিনের কর্মসূচি শুরু করেছে। প্রথম দিনে বিকেলে শোভাযাত্রা শেষে স্থানীয় সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আহমেদ।