একরাম হত্যা মামলা জজ আদালতে স্থানান্তর
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলা বিচারিক হাকিমের আদালত (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) থেকে বিচারের জন্য ফেনী জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার ফেনীর মুখ্য বিচারিক হাকিম মশিউর রহমান খান মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের আদেশ প্রদান করেন।
মামলার পরবর্তী ধার্য তারিখ ১৭ নভেম্বর। ওই দিন থেকে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
আদালত সূত্র জানায়, আজ মামলার ধার্য তারিখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সব আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের উপস্থিতিতে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের আদেশ প্রদান করেন। পরে আসামিদের আবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৪০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনো ভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১৬ জন এখনো পলাতক রয়েছেন।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেন।