একরাম হত্যা মামলা: যুবলীগের আরও এক কর্মী গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আবু বকর (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবু বকর ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের আবদুর রউফের ছেলে ও স্থানীয় যুবলীগ কর্মী।
আজ শুক্রবার বিকেলে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে আবু বকরকে তার শ্বশুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
একরাম হত্যার ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে আবু বকর বেশ কয়েকদিন লক্ষীপুর ও কুমিল্লায় পলাতক ছিলেন বলে জানা গেছে। গত চার দিন আগে গোপনে সে শ্বশুর বাড়ীতে আত্মগোপনে ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার আবিদুল ইসলাম আবিদসহ অন্যদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক একরামের গাড়ীর গতিরোধ করার সময় অন্যদের সঙ্গে আবু বকরও ছিল। সে স্থানীয় ‘সন্ত্রাসী রুটি’ সোহেলের সহযোগী। পুলিশ এখনও রুটি সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এ দুইজনসহ সাতজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেপ্তার আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য কাল শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে একাডেমি এলাকায় একরামুল হকের ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদি হয়ে স্থানীয় বিএনপি নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার একজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে যুক্ত।