একরাম হত্যা মামলার দুই আসামি জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার দুই আসামি আবদুল কাইয়ুম প্রকাশ কাইয়ুম ও জসিম উদ্দিন প্রকাশ নয়ন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আজ বুধবার তাঁদের দুজনের জামিনের কপি ফেনীর মুখ্য বিচারিক হাকিম মো. মফিজুর রহমান ভূঁঞার আদালতে এবং বিকেলে ফেনী জেলা কারাগারে পৌঁছায়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।

আদালত সূত্র জানায়, চেয়ারম্যান একরাম হত্যা মামলার দুই আসামি কাইয়ুম ও জসিম ৩০ মার্চ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. নুরুল ইসলাম হাইকোর্ট থেকে দুই আসামির জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার শংকর মজুমদার জানান, চেয়ারম্যান একরাম হত্যার মামলার দুই আসামি কাইয়ুম ও জসিম আজ বিকেলে জামিনে ফেনী কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

এ নিয়ে এই হত্যা মামলায় গ্রেপ্তার ৩৩ জন আসামির মধ্যে চারজন আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।