একরাম হত্যা মামলার দুই আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি আবদুর রহমান ওরফে আবদুর রৌপ ও মো. মাসুদ জামিন পেয়েছেন। আজ সোমবার তাঁরা ফেনী কারাগার থেকে জামিনে ছাড়া পান।

২ ডিসেম্বর হাইকোর্টের একটি যৌথ বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন বলে ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালত সূত্রে জানা যায়।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলম আজ একরাম হত্যা মামলার দুই আসামির জামিনে ছাড়া পাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

একরামুল হক হত্যা মামলায় এই প্রথম চার্জশিটভুক্ত দুই আসামি জামিনে ছাড়া পেলেন। এর আগে এ মামলায় ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী উচ্চ আদালতে জামিন পেলেও পরে আপিল বিভাগ জামিন আদেশ স্থগিত করেন। সে কারণে তাঁরা ছাড়া পাননি।

গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।

এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গত ২৮ আগস্ট একরাম হত্যা মামলায় ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১২ নভেম্বর অভিযোগপত্র আমলে নেন।

আসামিদের মধ্যে ৩১ জন গ্রেপ্তার রয়েছেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৫ জন পলাতক।

আবদুর রহমান ওরফে আবদুর রৌপ ফেনী সদর উপজেলা কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং মো. মাসুদ স্থানীয় যুবলীগের কর্মী।