একরাম হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার আরও একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার এ মামলার ধার্য তারিখ থাকায় সাক্ষ্য গ্রহণ হয়। এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৫৯ সাক্ষীর মধ্যে ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। ১৬ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লার আদালতে সাক্ষী আনোয়ার হোসেন আজাদ সাক্ষ্য দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। আজ ১২ জন আসামির পক্ষে জামিন প্রার্থনা করা হয়।
হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় ৫৯ সাক্ষীর মধ্যে ১৯ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৪৬ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে আটজন জামিনে রয়েছেন। আজ ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা পাঁচজন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আটজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, চেয়ারম্যান একরাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গত বছর ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১৫ জন কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার ১০ জন আসামি এখনো পলাতক রয়েছেন।
৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একরামের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছিলেন।