একরাম হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ছয়জন
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আরও ছয়জন সাক্ষী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে এ সাক্ষ্য গ্রহণ চলে। ১৬ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, রোববার আদালতে সাক্ষ্য দেন একরামুল হকের মরদেহ ময়নাতদন্তকারী চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ কুমার নাথ, আসামিদের নাম-ঠিকানা যাচাই–বাছাইকারী পুলিশের তিনজন উপপরিদর্শক (এসআই) মাঈনুদ্দিন ভূঁঞা, মামুনুর রশিদ ও মো. কামাল হোসেন, একরাম হত্যাকাণ্ডের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় জব্দ তালিকার একজন পুলিশ কনস্টেবল ও ঘটনার সময় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদের সরকারি গাড়ি জিম্মায় নেওয়া ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল বণিক।
হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ জন কারাগারে, ১৭ জন জামিনে ও ১১ জন পলাতক রয়েছেন।
রোববার ফেনী কারাগারে থাকা ২৮ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ১৭ জন আসামিও আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কারাগারে থাকা ২৮ জনকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
সরকারি কৌঁসুলি জানান, আজ একজন আসামির জামিনের আবেদন জানানো হলেও আদালত তা নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, আহসান কবীর বেঙ্গল ও সাহাব উদ্দিন সাক্ষীদের জেরা করেন। ১১ জন পলাতক আসামির পক্ষে আইনজীবী ছিলেন কফিল উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ২০১৫ সালের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ যাবৎ ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার ১৫ জন আসামি কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
৫৬ জন আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একরামুল হকের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।