একরাম হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় আজ বুধবার তাঁর স্ত্রী তাসমিন আক্তারসহ পাঁচজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ৬ জুন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। 

আদালত সূত্র জানায়, আজ ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজনও আদালতে উপস্থিত ছিলেন। আদালতে ওই পাঁচজন সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন ও আহসান কবির বেঙ্গল সাক্ষীদের জেরা করেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় পুলিশ বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে ইতিমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন। মামলার ১২ জন আসামি এখনো পলাতক।