একরাম হত্যা: সাক্ষ্য দিলেন আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আজ বুধবার মহিব উল্যা ফরহাদ নামের আরও একজন সাক্ষ্য দিয়েছেন। মহিব স্থানীয় সাংবাদিক। ঘটনার দিন তিনি চেয়ারম্যান একরামের সঙ্গে একই গাড়িতে ছিলেন।

১৩ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, আজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এবং আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে মহিব উল্যা ফরহাদ ঘটনার সময় গাড়িতে থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ওই দিন সকালে একরাম চেয়ারম্যানের গাড়ি ফেনী শহরের একাডেমি বিলাসী সিনেমা হলের কাছে পৌঁছার পর ৩০-৪০ জন লোক গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। গাড়ি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। একরাম চালকের পাশের আসনে ছিলেন। তিনিসহ পাঁচজন পেছনের আসনে ছিলেন। ইটের আঘাতে তিনি আহত হয়ে গাড়ির আসনের ওপর শুয়ে পড়েন এবং তাঁর শরীরের ওপর আরও দুজন পড়ে যান। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনতে পান তিনি। তবে কারা ইটপাটকেল ও গুলি ছুড়েছে এবং গাড়িতে আগুন দিয়েছে, তা তিনি দেখেননি। একপর্যায়ে তিনি গাড়ির ভাঙা জায়গা দিয়ে কোনো রকমে বের হয়ে পাশে একটি ওয়ার্কশপে আশ্রয় নেন। সেখান থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ যাবৎ​ ৪৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন জামিনে রয়েছেন। আজ ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ছয়জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কারাগারে থাকা আসামিদের আবারও কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ি প্রতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। গত বছর ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার ৪৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জন আসামি কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার ১২ জন আসামি এখনো পলাতক।