একরাম হত্যাকাণ্ড: মিনারসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় ৫৬ জনের বিরম্নদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ অভিযোগপত্র জমা দেন।

এ মামলায় গ্রেপ্তার ৩২ জনের মধ্যে পাঁচজনকে বাদ দিয়ে বাকী ২৭ জন এবং পলাতক ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

গ্রেপ্তার করাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীসহ (মিনার চৌধুরী), ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেন পাটোয়ারী।

পলাতকদের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিষ্টার, শহরের একাডেমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘রুটি’ সোহেল রয়েছেন।

এদিকে মামলার বাদী চেয়ারম্যান একরামের ভাই রেজাউল হক জসিম হতাশা ব্যক্ত করে প্রথম আলোকে বলেন, একরাম হত্যার মত একটি চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার ব্যাপারে বাদী হিসাবে তিনি কিছুই জানেন না এবং এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তিনি সাংবাদিকদের নিকট থেকে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি জানতে পেরেছেন। আগামী রোববার আদালত থেকে বিষয়টি জানার চেষ্ঠা করবেন বলেও তিনি জানান।

এ দিকে নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ২১ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, একরাম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আজ বিকেলে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তিনি জানান, মামলার তদন্তে এবং গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি মতে গ্রেপ্তাকৃত ৩২ জনের মধ্যে ২৭ জনকে এবং পলাতক ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পলাতকদেরও গ্রেপ্তারের চেষ্ঠা অব্যাহত আছে।

আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া ৩২ জনের মধ্যে ১৬ জন কোনো না কোনভাবে একরাম হত্যার ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে প্রকাশ্য দিবালোকে তার গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে এবং গাড়ীসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই রাতেই একরামুল হকের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে ৩০-৩৫ জনকে অজ্ঞাত হিসাবে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে মিনার চৌধুরী ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।