একরাম হত্যার আসামি রাজু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অন্যতম আসামি রাশেদুল ইসলাম রাজুকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার বিকেলে ফেনী শহরের একটি বাসা থেকে রাজু ওরফে আটা রাজুকে র‌্যাব গ্রেপ্তার করে। তিনি একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
রাজু ফেনী পৌরসভার বারাহিপুর গাজী ক্রস রোডের জয়নাল আবদীনের ছেলে। একরাম হত্যার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে র‌্যাবের সদস্যরা চেয়ারম্যান শহরের বারাহিপুর গাজী ক্রস রোডের বাসা থেকে রাজুকে গ্রেপ্তার করেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ–অধিনায়ক জসীমউদ্দিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩১ জনকে গ্রেপ্তার করা হলো।

তদন্ত শেষে গত ২৮ আগস্ট চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা (আইও) আবুল কালাম আজাদ। ১২ নভেম্বর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী একরাম হত্যা মামলায় ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে অভিযোগপত্রভুক্ত অন্যতম আসামি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারসহ ২৫ জন এখনো পলাতক।

গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।