একরাম হত্যার আসামির জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা প​রিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর (মিনার চৌধুরী) জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংশ্লিষ্ট তিনজন চিকিৎ​সক মাহতাব উদ্দিন চৌধুরীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। ওই তিন চিকিৎসককে আগামী ১৫ মে তলব করেছেন আদালত। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তার ব্যাখ্যা জানতে চেয়েছেন।

গত ১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে ছয় সপ্তাহের জামিন দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ২০ মার্চ চেম্বার বিচারপতি জামিন স্থগিত করে শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর ২৪ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে মিনারের জামিন আরও দুই সপ্তাহ স্থগিত রাখেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে নিজের গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একরামুল হকের বড় ভাই রেজাউল হক ওই দিনই ফেনীর বিএনপির নেতা মাহাতাব উদ্দিন চৌধুরীসহ (মিনার চৌধুরী) অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে ফেনী থানায় মামলা করেন।

পরে ২০১৪ সালের ২৮ আগস্ট তদন্ত শেষে ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। এতে মাহতাব চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলসহ ৫৬ জনকে আসামি করা হয়।