একরাম হত্যার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যার প্রায় দুই বছর পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ এই মামলার ৫৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে একরাম হত্যা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এই মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ৪৪ আসামির সবাই গতকাল আদালতে উপস্থিত ছিলেন। আগামী ১২ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ১১ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও গ্রেপ্তার হওয়া সব আসামি আদালতে হাজির ছিলেন না। এ কারণে ওই তিন তারিখে অভিযোগ গঠনের শুনানি হয়নি বলে আদালত সূত্র জানায়।
গত ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হকের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসীরা। পরে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাতপরিচয় ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
ফেনী জজ আদালতের সরকারী কৌঁসুলি হাফেজ আহাম্মদ বলেন, আসামিদের মধ্যে ফেনী কারাগারে রয়েছেন ৩৩ জন, কুমিল্লা কারাগারে ছয়জন এবং ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন রয়েছেন একজন। এর বাইরে জামিনে রয়েছেন চারজন। তাঁদের সবাই গতকাল আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২২ আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আদালত এসব আবেদন খারিজ করে দেন। এ ছাড়া কয়েকজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ৪৪ আসামির মধ্যে ১৬ জন এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এখনো পলাতক রয়েছেন ১২ জন আসামি।
৫৬ আসামির মধ্যে মিনার চৌধুরী ছাড়া অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।