একরামুল হক খুন হয়েছেন আ.লীগের অন্তর্দ্বন্দ্বে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক খুন হয়েছেন৷ কিন্তু তদন্তের আগেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে এ ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করা হচ্ছে৷
গতকাল বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মির্জা ফখরুল৷ তিনি বলেন, গত মঙ্গলবার ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে দোষ চাপানো হয়েছে৷ এটা পরিষ্কার যে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে৷
মির্জা ফখরুল অভিযোগ করেন, নিহত একরাম ফেনীর জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন৷ সে সময় ফেনী ছিল সন্ত্রাসকবলিত জেলা৷ বহু দিন ধরে ফেনী সদরের সাংসদ নিজামউদ্দিন হাজারীর সঙ্গে একরামের দ্বন্দ্ব চরম আকারে ছিল, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে৷
এ হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল৷