রাতের ট্রেনের দিনে যাত্রা!
মহানগর প্রভাতী ট্রেনে কুমিল্লায় যাওয়ার জন্য স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে গতকাল সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যান আমজাদ হোসেন। ঢাকা থেকে ওই ট্রেনটির গোধূলী হিসেবে গত রোববার রাতে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু গতকাল বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রামে ট্রেনটি পৌঁছায়নি। ফলে কয়েক ঘণ্টা অপেক্ষা করে আমজাদ স্ত্রী-ছেলেকে নিয়ে বাসায় চলে যান।
চট্টগ্রাম স্টেশনে আমজাদ হোসেনের মতো হাজার হাজার যাত্রী এ রকম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা-পরবর্তী দুর্ঘটনা এড়াতে প্রতিটি ট্রেনকে জরুরি পাইলটিং করে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হচ্ছে। ট্রেনের গতি নেমে এসেছে প্রায় অর্ধেকে। ফলে দেশের একমাত্র বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ছাড়া সব কটির সূচিতে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয়ের কারণেই বিলম্ব হচ্ছে। রাতের নির্ধারিত ট্রেন তূর্ণা যাত্রা করছে দিনের বেলায়।
পূর্বাঞ্চলের ২১ জোড়া আন্তনগর ট্রেনের মধ্যে মহানগর প্রভাতী, তূর্ণা, গোধূলী, পাহাড়িকাসহ ২০ জোড়া আন্তনগর ট্রেনের সূচি লন্ডভন্ড হয়ে গেছে। এতে রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন স্টেশনের হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়ছেন। অনেকে যাত্রা বাতিল করে টিকিট ফেরত দিয়ে বাসায় ফিরে যাচ্ছেন।
রেলওয়ে সূত্র জানায়, অবরোধ কর্মসূচি ঘোষণার পর রেললাইন উৎপাটন ও ফিশপ্লেট খুলে ফেলে নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট ও কুমিল্লায় দুটি আন্তনগর ট্রেন দুর্ঘটনার শিকার হয়। ট্রেনগুলোর গতি কম ছিল বলে জানমালের তেমন ক্ষতি হয়নি। এরপর সব কটি আন্তনগর ট্রেনের গতি সর্বোচ্চ ৭২ কিলোমিটার থেকে কমিয়ে ৪০ কিলোমিটারের নিচে নামিয়ে আনা হয়। পাইলটিং করে ট্রেনগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছানো হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জানমালের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আমরা ট্রেন পরিচালনা করছি। ট্রেনের গতি প্রায় অর্ধেকে নামিয়ে আনায় সূচি কিছুটা এলোমেলো হয়ে গেছে। কারণ, নাশকতার পর দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা তা করতে বাধ্য হয়েছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেন সূচি মেনে চালানো যাচ্ছে না। চট্টগ্রাম থেকে সুবর্ণ প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে যাত্রা করছে। ঢাকা থেকে এটি আবার ছাড়া হচ্ছে বেলা তিনটায়। গতকালও এই ট্রেন চট্টগ্রাম থেকে ভোর ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। ফেনীর ফাজিলপুরে ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে দুই ঘণ্টা দেরি হয়। পরে নতুন ইঞ্জিন সংযোজনের পর এটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস রোববার রাত ১১টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা ছিল। ট্রেনটি সাড়ে ১২ ঘণ্টা দেরিতে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে। একইভাবে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা রোববার রাতে চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল। সেই ট্রেনটির সকাল সাতটায় আন্তনগর প্রভাতী হয়ে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। গতকাল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তূর্ণা চট্টগ্রামে না পৌঁছানোর কারণে বিকেল চারটা পর্যন্ত প্রভাতী ঢাকার উদ্দেশে ছাড়তে পারেনি।
সূত্র আরও জানায়, সিলেটগামী আন্তনগর পাহাড়িকার সকাল আটটায় যাত্রা করার কথা ছিল। ট্রেনটি কখন ছাড়বে, রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে বিকেলেও সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে রোববার সকাল আটটার পাহাড়িকা ৩১ ঘণ্টা দেরিতে বিকেল তিনটায় চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে।
সিলেটগামী যাত্রী সাজ্জাদ হোসেন গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশনে প্রথম আলোকে বলেন, ‘আমি পাহাড়িকায় সিলেটে যাওয়ার জন্য স্টেশনে আসি। আমাদের ট্রেনের সূচির বিষয়ে স্টেশন থেকে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। স্টেশনের একজন কর্মীর পরামর্শ মেনে সোমবারের টিকিট ফেরত দিয়ে রোববারের (১১ জানুয়ারি) টিকিট কিনে পাহাড়িকায় সিলেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
প্রভাতীর টিকিট কিনে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার উদ্দেশে গতকাল সকালে চট্টগ্রাম স্টেশনে যান মো. আলাউদ্দিন। প্রভাতীর সূচি বিপর্যয় ঘটায় তিনি সেই টিকিট ফেরত দিয়ে আগের দিন রোববারের তূর্ণার টিকিট কিনে বেলা সাড়ে ১১টায় যাত্রা করেন। ট্রেনে ওঠার আগে তিনি প্রথম আলোকে বলেন, ‘জরুরি প্রয়োজনেই বাড়ি যাচ্ছি। স্টেশনে এসে দেখলাম, রাতের ট্রেন দিনের বেলায় ছাড়ছে। দিনেরটার খবর নেই। তাই রাতের ট্রেনে চড়ে সূর্যের আলোর মধ্যে যাত্রা করব।’
রেলওয়ে সূত্র জানায়, সূচিতে বিপর্যয় ঘটায় স্টেশনে টিকিট ফেরতের সংখ্যা বেড়েছে। টিকিটের চাহিদা কমেছে। ফলে তিন দিন ধরে রেলের রাজস্ব আয়ে ভাটা পড়তে শুরু করেছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক এ প্রসঙ্গে বলেন, ‘চট্টগ্রামগামী গোধূলী কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়ার পর আমরা জরুরি পাইলটিং জোরদার করি। এতে সূচি কিছুটা এলোমেলো হলে কাউন্টারে টিকিট ফেরতের হার বেড়ে যায়। তার পরও রেলে যাত্রীদের উপচে পড়া ভিড় কমছে না।’