একরামুল হত্যা: প্রধান আসামি মিনার জামিনে মুক্ত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
ফেনী কারাগারের কারাধ্যক্ষ (জেলার) দিদারুল আলম প্রথম আলোকে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বেলা ২টা ২০ মিনিটে মিনার চৌধুরীর জামিনের আদেশ ফেনী কারাগারে এসে পৌঁছায়। ২টা ৩৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়। তিনি জানান, ১৫ জুলাই হাইকোর্ট থেকে মিনার চৌধুরী জামিন পান। জামিনের আদেশ আদালত হয়ে আজ ফেনী কারাগারে পৌঁছার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে নিজ গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২৭ মে ঢাকার কচুক্ষেত এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মিনারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একরামুল হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার হওয়া ৩১ জনের মধ্যে মিনার ছাড়া সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান একরামুল হকের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মিনার চৌধুরী। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।