একরামুল হত্যা মামলায় যুবলীগের তিন কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া যুবলীগের তিন কর্মীকে গতকাল সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে। এদের মধ্যে নুর উদ্দিন ওরফে মিয়াকে তিন দিনের এবং আবদুল কাইয়ুম ও মো. মাসুদকে দ্বিতীয় দফায় আবারও জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আবদুল কাইয়ুম ও মো. মাসুদকে ৭ জুলাই গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করলে তাঁদের প্রথম দফা জিজ্ঞাসাবাদ করা হয়। নুর উদ্দিন ওরফে মিয়াকে ১০ জুলাই গ্রেপ্তার করে ১১ জুলাই আদালতে রিমান্ড আবেদন জানানো হয়েছিল। কিন্তু ওই দিন আদালত ১৪ জুলাই রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। গতকালই আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন কাইয়ুম ও মাসুদকে আদালতে হাজির করে আবার তিন দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা শহরের একাডেমি এলাকায় উপজেলা চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় তাঁর বড় ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।