একরামুল খুনের আসামি মিনারসহ তিনজন গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছে ফেনী পুলিশের একটি সূত্র।
এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফেনী থেকে সজীব ও আবদুর রউফ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মহিউদ্দীন প্রথম আলোকে জানিয়েছেন, একরামুল হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গতকাল সোমবার রাতে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকা থেকে সজীব নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। একরামুল হত্যাকাণ্ডে এ পিস্তল ব্যবহার করা হয় বলে দাবি করেন তিনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার ফেনী শহরের একাডেমি সড়কের বিলাসী সিনেমা হলের সামনে চেয়ারম্যান একরামুল হককে নিজ গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।