একরামুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
একরামুল হক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আজ শুক্রবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আনোয়ার ও আলাউদ্দিন।
আজ ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগেও এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, ঘটনার দিন অর্থাত্ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ২৩ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে ২১ জনকে ছেড়ে দেওয়া হয়। দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের কাছ থেকে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বালিগাঁও গ্রাম থেকে আলাউদ্দিন ও শরিষাদি গ্রাম থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সাংসদ জয়নাল হাজারী ও বর্তমান সাংসদ নিজাম হাজারীকে গ্রেপ্তার করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসপি পরিতোষ ঘোষ বলেন, ‘প্রয়োজনে আমরা যেকোনো ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করতে পারি। তবে এ বিষয়ে অগ্রিম কিছু বলা যাবে না।’ তিনি জানান, মামলার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই জানানো যাবে না বলে জানান তিনি।
এদিকে, একরামুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১০টায় ফুলগাজী উপজেলা সদরে মানববন্ধন করা হয়। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী অংশ নেন।
সেখানে নিজাম হাজারী চেয়ারম্যান একরামুল হককে নির্মম ও পৈশাচিক কায়দায় হত্যার নিন্দা জানান এবং অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম। তিনি চেয়ারম্যান একরামকে হত্যার জন্য সরাসরি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার) দায়ী করেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিডিওচিত্র দেখে চারজনকে  শনাক্ত