একরামুল হত্যার প্রধান আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক (৪৭) হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন চেম্বার বিচারপতি।
আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মাহতাব উদ্দিনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। নির্ধারিত ওই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
১৫ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মিনার চৌধুরীর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এরপর ১৭ জুলাই মিনার চৌধুরী মুক্তি পান। তবে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) দিনদুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।