একরামুল হত্যায় সাংসদ নিজামের যোগসাজশের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) স্বতন্ত্র সাংসদ রহিম উল্যা অভিযোগ করেছেন, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ নিজাম হাজারীর যোগসাজশ রয়েছে। গতকাল বুধবার সোনাগাজীতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তবে নিজাম হাজারী তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সাংসদ রহিমের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি যে বক্তব্য দিয়েছেন তা অনেকটা পাগলের প্রলাপ।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ফেনীর একটি সিন্ডিকেট চক্র তাঁকে (রহিম) হত্যার জন্য গত কয়েক দিনে তিনবার হামলা করেছে। এলাকায় খুন, নৈরাজ্য, লুটপাট, দখলদারি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করা নিয়ে ওই চক্রের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। ওই চক্রটি তাঁর উন্নয়নকাজে বাধা সৃষ্টি করছে। তারা ভুয়া ও অপ্রয়োজনীয় প্রকল্প তৈরি করে কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশে টাকা লুট করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংসদ রহিম ফেনীর ওই চক্রের প্রধান হিসেবে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নাম উল্লেখ করেন।