চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা: আদালতে আ. লীগ নেতার স্বীকারোক্তি
একরামের গতিবিধি হামলাকারীদের জানান তাঁরই ঘনিষ্ঠজন বেলাল
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী বেলাল হোসেন পাটোয়ারি দোষ স্বীকার করে গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ বেলাল ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ জবানবন্দিতে তিনি বলেন, ঘটনার দিন তিনি একরামের গতিবিধির ওপর নজর রেখেছিলেন এবং তা সঙ্গে সঙ্গে হামলাকারীদের জানিয়েছিলেন৷
এদিকে একরামের ওপর হামলার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের দুই নেতা জাহিদ চৌধুরীর রিমান্ডের মেয়াদ আরও তিন দিন ও আবদুল্লাহিল মাহমুদের (শিবলু) পাঁচ দিন বাড়ানো হয়েছে৷ এ ছাড়া যুবলীগের কর্মী জাহিদুল ইসলাম ভূঁঞার রিমান্ডের মেয়াদ তিন দিন বাড়িয়েছেন আদালত৷
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, একরাম হত্যা মামলায় আসািম বেলাল হোসেন গতকাল ফেনীর বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ এরপর আদালতের নির্দেশে তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়৷
জবানবন্দিতে বলা হয়, ঘটনার দিন বেলালের দায়িত্ব ছিল একরামের গতিবিধির ওপর নজর রাখা এবং তা দ্রুত মূল হামলাকারীদের জানানো৷ এ কারণে বেলাল ওই দিন সকালে একরামের বাসায় যান এবং একরাম গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পরপর তা একাডেমি সড়কে অবস্থানকারী হামলাকারী দলের নেতাকে জানান। বাসা থেকে বের হয়ে একরাম ডায়াবেটিক হাসপাতালে যান৷ কাছাকাছি গিয়ে অবস্থান নেন বেলাল৷ ডায়াবেটিক হাসপাতাল থেকে ফুলগাজীর উদ্দেশে একরাম রওনা হওয়ার পরপর বেলাল সে তথ্যও মুঠোফোনে হামলাকারীদের জানান।
স্থানীয় সূত্রগুলো জানায়, বেলাল ছিল একরামের খুব কাছের লোক ও স্থানীয় আনন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য। এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার কথা প্রকাশ পেলে একরামের সমর্থকেরা বেলালের বাড়ি পুড়িয়ে দেয়। তাঁকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ৷
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে একরামের গাড়ির গতিরোধ করে সন্ত্রাসীরা৷ এরপর তাঁকে গুলি করে, কুপিয়ে এবং পরে গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়৷ এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক বাদী হয়ে ফেনী থানায় মামলা করেন।