ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় তাঁর গাড়িচালকসহ ছয়জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঘটনার দিন একরামের গাড়ি চালাচ্ছিলেন আবদুল্লাহ আল মামুন। গতকাল রোববার ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে সাক্ষ্য দেন তিনি।
আদালতকে আবদুল্লাহ আল মামুন বলেন, সেদিন একাডেমি এলাকায় পৌঁছার পর কিছু লোক গাড়ি লক্ষ্য করে প্রথমে ঢিল ছোড়ে, পরে গুলি করে। গাড়ি থামার পর কয়েকজন যুবক একরামকে কোপাতে থাকেন। এ সময় বাধা দিতে গিয়ে তিনিও আহত হন। একপর্যায়ে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যান। আহত অবস্থায় দুজন লোক তাঁকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন তিনি। যে কারণে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিনতে পারেননি।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেওয়া বাকি পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন পুলিশ কর্মকর্তা, একজন স্থানীয় ব্যবসায়ী, অন্যজন ঘটনার পর কয়েকজন আসামিকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৪ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেন।
ফেনী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, সাক্ষ্য দেওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন ফেনী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন, মোবারক হোসেন ও আজিজ আহম্মদ। একরাম হত্যাকাণ্ডের পর কয়েকজন আসামি ঢাকায় হেলাল উদ্দিনের বাসায় আশ্রয় নিয়েছিলেন। তিনিও সাক্ষ্য দিয়েছেন। আরেকজন একাডেমি এলাকার ব্যবসায়ী।
সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন জামিনে রয়েছেন। গতকাল ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩২ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ১৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, গতকাল চারজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত এসব আবেদন নামঞ্জুর করেন।