একরামের শূন্যপদে উপনির্বাচন ২১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ তফসিল ঘোষণা করেন।

গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর মৃত্যুর পর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ আগস্ট। মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ৭ সেপ্টেম্বর। আগামী ২১ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৩ আগস্ট নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য তারিখ ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের তফসিল ঘোষণা করলেন।

একরামুল হককে হত্যার পরদিন ২১ মে তাঁর বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এ পর্যন্ত মিনার চৌধুরীসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

এঁদের মধ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ শিবলুসহ ১৬ জন হত্যার ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টার, ‘রুটি’ সোহেলসহ কয়েকজনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার ৩১ জনের মধ্যে একজন ছাড়া অন্যরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।