>

নৌকার প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে মাঠে নেই আ.লীগ। একই অবস্থা ধানের শীষের প্রার্থী আহসানেরও।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের প্রার্থী হাসানুল হক ইনু, ঐক্যফ্রন্টের আহসান হাবিব (লিংকন)। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বাইরে শরিক দলের এই দুই নেতা নৌকা ও ধানের শীষ প্রতীক পেয়েছেন।
দেশের প্রধান এই দুটি দলের কোনো নেতা দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁদের নেতা–কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার পাঁচ দিন পেরিয়ে গেলেও এই দুই নেতার সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি।
দলীয় সূত্র জানায়, এ আসনে নির্বাচনে লড়ছেন আটজন প্রার্থী। মহাজোটের প্রার্থী হাসানুল হক ইনু টানা দুইবারের সাংসদ। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি। ২০১৪ সালে মহাজোট থেকে মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। এরপর নানা কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জাসদের বিরোধ তৈরি হয়। সংঘর্ষ, হতাহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়। এরপর থেকে সম্পর্কের আরও অবনতি হয়।
জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম বলেন, ‘ইনু ভাইকে সঙ্গে নিয়ে প্রতিদিন সভা-সমাবেশ ও উঠান বৈঠক হচ্ছে। তবে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কোনো নেতা–কর্মী এখনো প্রচারে নামেননি। হয়তো দু–এক দিনের মধ্যে তাঁরাও শামিল হবেন।’
আওয়ামী লীগের জেলা পর্যায়ের দুজন নেতা বলেন, ২১ ডিসেম্বর কুষ্টিয়া সরকারি কলেজমাঠে ১৪ দলের সমাবেশ হবে। সেখানে ১৪ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারাও যোগ দেবেন। এ সমাবেশ থেকে ইনুর পক্ষে আওয়ামী লীগ নেতারা মাঠে নামতে পারেন।
জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, জেলার নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সব বিভেদ ভুলে তাঁরা নৌকার প্রার্থীকে জয়ী করতে মাঠে নামবেন।
গত বৃহস্পতিবার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে হাসানুল হক ইনু বলেন, ‘কিছু নেতা কাজ না করলেও আওয়ামী লীগের তৃণমূলের নেতা–কর্মীরা নৌকার সঙ্গেই আছেন। সব দলের অভ্যন্তরে কিছু সমস্যা আছে, থাকবে। তবে নির্বাচনে এর প্রভাব পড়বে না। এটা নিয়ে মাথা ঘামাই না।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘যাঁরা নৌকা নিয়ে লড়ছেন, তাঁদের পক্ষেই আওয়ামী লীগের নেতা–কর্মীরা কাজ করবেন। কুষ্টিয়ার চারটি আসনেই যৌথভাবে সভা-সমাবেশ করা হবে। কোনো বিভেদ থাকবে না।’
অপর দিকে হাসানুল হক ইনু এককভাবে প্রচারে মাঠে থাকলেও এখনো ধানের শীষের প্রার্থী আহসান হাবিব মাঠে নামেননি। ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন লিংকন। তিনি দলের প্রেসিডিয়াম সদস্য। এর আগে এরশাদের সময় একবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন বলে জানান স্থানীয় নেতারা। তিনি মনোনয়ন পাওয়ায় ভেড়ামারা, মিরপুরের বিএনপির নেতা–কর্মীরা অনেকটা হতাশ।
আহসান হাবিব গত শনিবার ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসেছেন। তিনি দাবি করেছেন, তাঁর পক্ষে প্রচার শুরু হয়ে গেছে। পুলিশ তাঁর প্রচারে বাধা দিচ্ছে। তবে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর পক্ষে বিএনপির কেউ মাঠে নামেননি।
মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী বলেন, ‘ধানের শীষের প্রার্থীর সঙ্গে কারও যোগাযোগ নেই। পোস্টার পাঠানোর কথা বললেও এখনো তিনি পাঠাননি।’
আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা থেকে এক লাখ পোস্টার ও প্রচারপত্র ছাপিয়েছি। আশা করা যাচ্ছে, সোমবার থেকে পুরোদমে মাঠে নামা হবে। বিএনপির সাবেক সাংসদ শহিদুল ইসলাম ও জামায়াত নেতা আবদুল গফুর আমাকে সমর্থন দিয়েছেন। এটা বাড়তি সুবিধা।’