প্যাকেজ ভ্যাট (মূল্য সংযোজন কর) একলাফে দ্বিগুণ না করে ধাপে ধাপে বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। গতকাল শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে বঙ্গবন্ধু হলে এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
ভ্যাট দিবস উপলক্ষে ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সেমিনারে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, প্যাকেজ ভ্যাট এক লাফে ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করায় তা দিতে ব্যবসায়ীদের কষ্ট হবে। এভাবে একবারে ভ্যাট দ্বিগুণ না করে ধাপে ধাপে বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর ভ্যাট কার্যক্রম পর্যবেক্ষণ করা উচিত। তবে দেশকে এগিয়ে নিতে ভ্যাট দেওয়ার আহ্বান জানান তিনি।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কী পরিমাণ ভ্যাট দিতে হবে, তা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা আছে। এ ভুল ধারণা দূর করার জন্য ভ্যাট কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া। তিনি ভ্যাট আদায়কারী ও ভ্যাটদাতাদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক, রপ্তানি, বন্ড ও আইটি) আবু ফয়সাল মো. শাহরিয়ার মোল্লা, চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন, উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক প্রমুখ।
সেমিনারের আগে সকালে নগরের আগ্রাবাদের সিজিও ভবন-১-এর সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বারেক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়।