মালয়েশিয়া ও থাইল্যান্ডের ঠেলাঠেলিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা
একশ বাংলাদেশিসহ সাগরে ভাসছেন ৩০০ অভিবাসী
এক শ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী চালকবিহীন নৌকায় ভাসছেন সাগরে। থাইল্যান্ড ও মালয়েশিয়া কর্তৃপক্ষ ওই নৌকাটি পরস্পরের জলসীমায় ঠেলে পাঠাচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আহ্বান-অনুরোধ উপেক্ষা করে পাঁচ দিন ধরে এ ঠেলাঠেলি চলছে।
সর্বশেষ গতকাল রোববার দ্বিতীয় দফায় থাই উপকূল থেকে নৌকাটি মালয়েশিয়ার দিকে ঠেলে পাঠানোর খবর পাওয়া গেছে। নৌকাটি থাইল্যান্ডের উপকূলে ভিড়তে দিলে তাৎক্ষণিক সাহায্য করার জন্য এখানকার রোহিঙ্গা অ্যাসোসিয়েশনের একদল স্বেচ্ছাসেবক চার দিন ধরে অপেক্ষা করছেন।
স্বেচ্ছাসেবকদের একটি সূত্র জানায়, শনিবার বিকেলের দিকে নৌকাটি থাইল্যান্ডের উপকূলের কাছাকাছি আসে। এ দেশের জলসীমায় ঢোকার আগ মুহূর্তে থাই নৌবাহিনী সেটি থামায়। তারা ১২ গ্যালন জ্বালানি, কিছু খাবার ও পানি দিয়ে নৌকাটি আবার গভীর সাগরের দিকে ঠেলে দেয়।
অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা মালয়েশিয়াভিত্তিক বেসরকারি সংগঠন কেরাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘অসহায় মানুষগুলোকে শিগগির উদ্ধার না করলে সাগরে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটবে। তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা থাকবে না।’
পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন, এমন একটি সূত্র জানায়, কোথাও ভিড়তে না পেরে নৌকার মাঝি ও মানব পাচারকারী চক্রের দালালেরা স্পিডবোট নিয়ে পালিয়েছে এক সপ্তাহ আগে। পালানোর সময় তারা নৌকাটি মালয়েশিয়ার জলসীমায় রেখে যায়। মালয়েশিয়া কর্তৃপক্ষ গত বুধবার তিন তলাবিশিষ্ট ওই কাঠের নৌকাটির দিক থাই উপকূলের দিকে ঘুরিয়ে ইঞ্জিন চালু করে দেয়। পরদিন বৃহস্পতিবার থাইল্যান্ডের নৌবাহিনী তাদের জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে। নৌকাটি তখন ইঞ্জিন বন্ধ অবস্থায় ভাসছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন সাংবাদিক বলেন, নৌকাটি ভেড়ার পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নারী-শিশুসহ তিন শতাধিক অভুক্ত মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন। এ সময় থাই জেলেদের একটি নৌকা থেকে ও নৌবাহিনী হেলিকপ্টার থেকে খাবার ও পানি দেওয়া হয় অভিবাসীদের। এর মধ্যে কিছু শুকনা খাবার ও পানি সাগরে পড়লে, সেগুলো নিতে অনেকে সাগরে ঝাঁপ দেন। তাঁদের ১০ জন সেখানে মারা যান।
ওই সাংবাদিক জানান, নৌকার কিছু অংশ ভেঙেও গিয়েছিল। পরে সেটি মেরামত করে ও জ্বালানি ভরে দেয় থাই নৌবাহিনী। এরপর সেটির ইঞ্জিন চালু করে মালয়েশিয়া উপকূলের দিক মুখ করে ছেড়ে দেয়। পরদিন মালয়েশিয়া কর্তৃপক্ষও একই কাজ করে।
সাগরপথে মানব পাচারকারীদের ওপর নজরদারি করে এমন একাধিক বেসরকারি সংস্থার তথ্যানুযায়ী, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরুর পর প্রায় আট হাজার অভিবাসী নিয়ে অনেকগুলো নৌকা সাগরে ভাসছে। এর মধ্যে দুই হাজারের মতো বাংলাদেশি ও রোহিঙ্গা থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে উঠতে পেরেছেন।