একসঙ্গে এক কক্ষে তিন ক্লাস

শ্রেণিকক্ষের নাম ‘বেগম রোকেয়া’। তার ভেতরে দুজন শিক্ষক। তাঁদের দিকে দুই দল শিক্ষার্থী দুই দিকে মুখ করে বসে আছে। বারান্দায় আরেকজন শিক্ষক। তাঁর সঙ্গে আরেক দল শিক্ষার্থী। একই সঙ্গে তিনজন শিক্ষক পাঠদান করছেন।
শিক্ষকদেরও কোনো কার্যালয় নেই। তাঁরা বসে আছেন আরেকটি শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সঙ্গে। দুই কক্ষের এই বিদ্যালয়ে এভাবেই দুই বছর ধরে চলছে তাঁদের পাঠদান।
রাজশাহীর পুঠিয়া উপজেলার এই বিদ্যালয়টির নাম ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাত্র ১৯ বছরেই নতুন ভবন পরিত্যক্ত ঘোষণা করায় তাঁদের এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ১৯৪০ সালে স্থাপিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ২৩৭ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ১৯৯৪ সালে নির্মিত নতুন ভবনটির বিম ফেটে ২০১১ সালের দিকে পলেস্তারা খসে পড়ে যেতে শুরু করে। প্রথম দিকে বিদ্যালয়ের পক্ষ থেকে তার ওপরেই নতুন করে পলেস্তারা করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পলেস্তারা আবার খসে পড়ে যায়। ভবন সংস্কারের জন্য উপজেলা শিক্ষা অফিসে কয়েকবার চিঠি দেওয়া হয়। অবশেষে ২০১৩ সালের ৪ নভেম্বর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে চিঠি দিয়ে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এখন বিদ্যালয়ের দুই কক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। কক্ষ দুটি আগে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হতো। একটির নাম কবি জসীমউদ্দীন এবং অপরটির নাম বেগম রোকেয়া। জসীমউদ্দীনের ভেতরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয় না থাকায় শিক্ষার্থীদের সঙ্গেই বসে থাকেন তাঁরা। বেগম রোকেয়ার ভেতরে প্রথম দফায় প্রথম শ্রেণি ও প্রাক্-প্রাথমিক শ্রেণি ও বারান্দায় দ্বিতীয় শ্রেণির পাঠদান চলে। দ্বিতীয় পর্বে এই কক্ষের ভেতরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠদান করা হয়।
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বারান্দায় দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে। পূর্ব দিকে রোদ পড়েছে। কয়েকজন শিক্ষার্থী রোদে ঘেমে-নেয়ে একাকার হয়ে গেছে। বারান্দার মাঝখানে একটি ব্ল্যাকবোর্ড দিয়ে একজন শিক্ষক পাঠদান করছেন। আর কক্ষের ভেতরে দুজন শিক্ষিকা দুই পাশে দাঁড়িয়ে একই সঙ্গে দুটি ক্লাস নিচ্ছেন। একই কক্ষে তিনটি পৃথক শ্রেণির শিক্ষার্থীদের সামাল দিতে শিক্ষকেরা হিমশিম খাচ্ছেন।
প্রধান শিক্ষক সুলতানা নার্গিস বলেন, তাঁর কার্যালয়ে প্রতি মাসে ব্যবস্থাপনা কমিটির একটি করে বৈঠক করতে হয়। তিন মাসে একবার করে শিক্ষক অভিভাবক সমিতির সভা করতে হয়। এসব তাঁকে শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের মাঝেই করতে হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। আবার শ্রেণিকক্ষের মধ্যে দাপ্তরিক কাজ করতে হয়। এভাবে একটি বিদ্যালয়ে পাঠদান করা যায় না। তিনি বলেন, বারবার শিক্ষা অফিসে ভবনের জন্য চিঠি দিয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, শিক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ভবনের নতুন বরাদ্দ না পেলে তাঁদের কিছু করার নেই।