একসঙ্গে কাজ করবে সেভ দ্য চিলড্রেন ও প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর আলো, এবিসি রেডিওসহ মিডিয়াস্টারের বিভিন্ন বিভাগ এই কার্যক্রমে যুক্ত হবে।

শিশুদের জীবনমান উন্নয়ন ও অধিকার নিয়ে এখন থেকে একসঙ্গে কাজ করবে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও মিডিয়াস্টার লিমিটেড (প্রথম আলো)। প্রথম আলো ছাড়াও কিশোর আলো, এবিসি রেডিও, প্রথমা প্রকাশন, বন্ধুসভাসহ মিডিয়াস্টারের বিভিন্ন বিভাগ এই কার্যক্রমে যুক্ত হবে। গোলটেবিল আলোচনা, মিডিয়া ক্যাফে, ডিজিটাল কনটেন্ট (আধেয়), রেডিও অনুষ্ঠান, শিশুতোষ প্রকাশনা ও প্রচারাভিযানের মাধ্যমে এসব কাজ হবে।

এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্রথম আলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান ম্যানেন বলেন, ‘পিছিয়ে পড়া ও নাজুক অবস্থায় জীবন যাপন করা শিশুদের অধিকারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে সেভ দ্য চিলড্রেন ও প্রথম আলো একসঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শিশু অধিকারসংক্রান্ত বার্তাগুলো প্রথম আলোর মতো গণমাধ্যমের সহায়তায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।’

অনুষ্ঠানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সেভ দ্য চিলড্রেন আমাদের দীর্ঘদিনের বন্ধু। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে শিশুদের জন্য কাজ করব, এটাই আশা। এই সমঝোতা স্মারক শিশুদের জন্য কাজগুলো এগিয়ে নিতে সহায়তা করবে।’

সেভ দ্য চিলড্রেনের পরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট) রিফাত বিন সাত্তার বলেন, দেশের মানুষের বড় অংশ ও সরকারের কাছে পৌঁছাতে গণমাধ্যম অন্যতম উপায়। তা ছাড়া শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথম আলো অঙ্গীকারবদ্ধ। এ কারণেই প্রথম আলোকে বেছে নেওয়া। তিনি বলেন, দেশে অনেক ক্ষেত্রেই শিশু অধিকার লঙ্ঘিত হয়। এ ক্ষেত্রে যা বলা প্রয়োজন, তা কেবল গণমাধ্যমই তুলে ধরতে পারে।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলোর একটি শিশু নীতিমালা আছে, যা মেনেই প্রতিষ্ঠানটির সাংবাদিকেরা কাজ করেন।

প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমরা শিশু-কিশোরদের জন্য বিশেষায়িত ম্যাগাজিন কিশোর আলো প্রকাশসহ শিশুদের এগিয়ে নিতে নানা কাজ করে থাকি। এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ ও তারুণ্যের জয়োৎসব আয়োজন।’

এই সমঝোতা স্মারকের সাফল্য কামনা করেন সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।