একসঙ্গে কোলজুড়ে তিন ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার পাপিয়া-আকাশ দম্পতি একসঙ্গে তিন ছেলের মা-বাবা হয়েছেন। ছবি: শাহাবুল শাহীন
গাইবান্ধার সাঘাটা উপজেলার পাপিয়া-আকাশ দম্পতি একসঙ্গে তিন ছেলের মা-বাবা হয়েছেন। ছবি: শাহাবুল শাহীন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় গ্রামের গৃহবধূ পাপিয়া বেগম (২৫) গত শনিবার একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও নবজাতকেরা সুস্থ আছে।

একসঙ্গে কোলজুড়ে তিন ছেলে পাওয়ার আনন্দের অনুভূতি জানিয়ে মা পাপিয়া বেগম বলেন, ‘চেয়েছিলাম একটি, কিন্তু আল্লাহ আমাকে তিনটি সন্তান দিয়েছেন। আমি খুব খুশি। আপনারা দোয়া করেন। আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুক—এটাই আমি চাই।’

পাপিয়ার পারিবারিক সূত্র জানায়, সাঘাটা উপজেলার ঝড়াবর্ষা গ্রামের পাপিয়ার সঙ্গে বছর দেড়েক আগে একই উপজেলার ভাঙ্গামোড় গ্রামের আকাশ মিয়ার বিয়ে হয়। আকাশ ঢাকায় রিকশাভ্যান মেরামতের কাজ করেন। অন্তঃসত্ত্বা পাপিয়া কয়েক দিন আগে বাবার বাড়ি ঝড়াবর্ষা গ্রামে যান। প্রথমবারের মতো আকাশ-পাপিয়া দম্পতির তিন ছেলে হলো।

গত শনিবার সকালে পাপিয়া বেগমের প্রসববেদনা উঠলে তাঁকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই দিন দুপুর ১২টার দিকে তিনি স্বাভাবিকভাবে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন। নবজাতকদের ওজন কম থাকায় বিকেলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর্থিক সামর্থ্য না থাকায় নবজাতকদের নিয়ে গতকাল রোববার বিকেলে ঝড়াবর্ষা গ্রামে পাপিয়ার বাবার বাড়িতে চলে যান।

গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী আজ সোমবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নবজাতকেরা ভালো আছে। তবে ওজন কম থাকায় ঝুঁকি আছে। ওদের ভালোভাবে দেখভাল ও উন্নত চিকিৎসা করাতে হবে। নবজাতকদের পরিবার চাইলে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ঢাকায় পাঠানো যেতে পারে বলে তিনি জানান।

আজ বিকেল সাড়ে চারটার দিকে ঝড়াবর্ষা গ্রামে পাপিয়ার বাবার বাড়িতে গিয়ে দেখা যায়, মা ও তিন নবজাতক সুস্থ আছে। তাদের ফিডারে দুধ খাওয়ানো হচ্ছে। দুই নবজাতকের ওজন এক কেজি করে এবং অপর নবজাতকের ওজন ৭০০ গ্রাম। এই তিন নবজাতককে দেখতে আশপাশের লোকজন বাড়িতে ভিড় জমিয়েছে।

তিন নবজাতকের বাবা আকাশ মিয়া বলেন, ‘একসঙ্গে তিন ছেলে পেয়ে আমি খুশি। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যেতে বলেছেন। কিন্তু নিয়ে যাব কেমনে? যা আয় করি তা দিয়ে সংসারই চলে না।’