একসঙ্গে চার সন্তান
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রোকসানা বেগম (৩৪) নামের এক গৃহবধূ। মা ও নবজাতকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ছাতক পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার নিজ বাড়িতে স্বাভাবিকভাবে রোকসানা দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন। তিনি ওই এলাকার দিনমজুর সাদিক মিয়ার স্ত্রী।
স্থানীয় পৌর কাউন্সিলর নওশাদ মিয়া বলেন, দুপুরে নিজ বাড়িতেই রোকসানা একজন ধাত্রীর সহযোগিতায় স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেন। পরে মা ও নবজাতকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। রোকসানা বেগমের আরও এক ছেলে ও এক মেয়ে আছে।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের চিকিৎসক আবু সালেহীন খান বলেন, নবজাতকদের ওজন কিছুটা কম। একজনের শ্বাসকষ্ট আছে। তাই মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে সেবা দেওয়ার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।