একসঙ্গে চার সন্তানের জন্ম
রেজোয়ানা শারমিন (৩১) গতকাল বৃহস্পতিবার একসঙ্গে চারটি সন্তান প্রসব করেছেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের তিনটি মেয়ে ও একটি ছেলেসন্তান। মা ও শিশুদের চিকিৎসক মৃণাল কান্তি সরকার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মা ও শিশুরা সুস্থ আছে।যমজ সন্তানের জন্মের খবরে কেউ বিস্ময় প্রকাশ করে না। একসঙ্গে তিনটি সন্তানের জন্মের খবরে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন। তবে চারটি সন্তান জন্মের ঘটনা সচরাচর ঘটে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও নবজাতক বিশেষজ্ঞ মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ার হার খুবই কম।’রেজোয়ানা শারমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর মনিরুল হকের স্ত্রী। একসঙ্গে চার সন্তানের পিতা হতে পেরে প্রথম আলোর কাছে নিজেকে গর্বিত বলে উল্লেখ করেন মনিরুল।হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, প্রত্যেক শিশুরই জন্মকালীন ওজন কম। সবচেয়ে বেশি ওজনের শিশুটি এক হাজার ৭৬৫ গ্রামের। সবচেয়ে কম ওজনের শিশুটি এক হাজার ৮৫ গ্রামের। অধ্যাপক সহিদুল্লা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে শিশুদের গড় জন্মকালীন ওজন দুই হাজার ৮০০ গ্রাম।মৃণাল কুমার সরকার জানান, নির্দিষ্ট সময়ের প্রায় এক মাস আগে অর্থাৎ ৩৪ সপ্তাহে শিশুদের জন্ম হয়েছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের আগে ও কম ওজন নিয়ে জন্ম নিলেও শিশুদের কোনো সমস্যা দেখা দেয়নি। মা ও শিশুরা ভালো আছে।চিকিৎসক মৃণাল কুমার সরকার আরও জানান, শারমিন ও মনিরুলের বিয়ে হয়েছে অনেক দিন আগে। সন্তানধারণের ক্ষেত্রে কিছু সমস্যা (ইনফার্টিলিটি) থাকায় তাঁরা দুশ্চিন্তায় ছিলেন। মৃণাল সরকার এই দম্পতিকে চিকিৎসা দিয়ে আসছিলেন। দম্পতির মুখে হাসি ফোটাতে পেরে তিনি নিজেও খুশি।এদিকে একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়ার খবর শুনে গতকাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের গবেষক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একই সঙ্গে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন। আইবিএসের পরিচালক অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমি খবরটি শুনে একই সঙ্গে আশ্চর্য ও আনন্দিত হয়েছি।’