একসঙ্গে ৬ সন্তানের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় নবজাতকের মধ্যে বেঁচে যাওয়া চারজন। তবে তাদের মধ্যে দুজনও পরে মারা যায়। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
ছয় নবজাতকের মধ্যে বেঁচে যাওয়া চারজন। তবে তাদের মধ্যে দুজনও পরে মারা যায়। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

নগরের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন রাফিয়া আনোয়ার (২৫) নামের এক নারী। আজ শনিবার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব শিশুর জন্ম হয়। এখন ছয়টি শিশুর শুধু একটি ছেলে ও একটি মেয়ে বেঁচে আছে।
গর্ভধারণের ছয় মাসের মাথায় প্রসব হওয়ার কারণে চার সন্তানকে বাঁচানো যায়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন। নবজাতকদের ছয়জনের মধ্যে দুটি ছেলে ও চারটি মেয়ে। বেঁচে থাকা দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসূতি রাফিয়া মাতৃসদনে রয়েছেন।
রাফিয়ার বাড়ি ফটিকছড়ির সমিতির হাটের ছাদেকনগর এলাকায়। তাঁর স্বামী মো. ইয়াকুব আবুধাবিপ্রবাসী। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটায় রাফিয়া হাসপাতালে ভর্তি হন। সোয়া ১০টার দিকে তিনি প্রথমে একটি মৃত ছেলে ও পরে একটি মৃত মেয়ে সন্তান প্রসব করেন। এরপর সাড়ে ১০টার মধ্যেই বাকি চারটি সন্তান জীবিত প্রসব করেন। কিন্তু সন্তানদের দুটি জন্মের পরপরই মারা যায়। নবজাতকদের তিনটি ৬০০ এবং তিনটি ৫০০ গ্রাম ওজনের।
হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা রোজি বিশ্বাস বলেন, ওই নারী (রাফিয়া) আগে থেকে কোনো পরীক্ষা করাননি। একবার শুধু ফটিকছড়িতে ডাক্তার দেখিয়েছেন। কোনো ডায়াগনোসিসও করেনি। প্রসবব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর সোয়া ১০টায় থেকে সাড়ে ১০টার মধ্যে ছয়টি সন্তান প্রসব করেন। স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁর প্রসব হয়।

রোজি বিশ্বাস বলেন, যদি আগে থেকে যথাযথ চিকিৎসা নিতেন, পরীক্ষা-নিরীক্ষা করতেন, তাহলে হয়তো আগাম প্রসব হতো না। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি ওমরাহ হজ পালন করে এসেছেন বলে আমাদের জানিয়েছেন।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বেলাল উদ্দিন জানান, ৫০০ গ্রাম ওজনের তিনটি নবজাতকের সবকিছু পরিপূর্ণভাবে বেড়ে ওঠেনি। অপর তিনটির নানা সমস্যা রয়েছে। তাদের মধ্যে একটি মারা যায়।

গৃহবধূ রাফিয়ার শ্বশুর সাহাব মিয়া বলেন, ‘আমরা আগে পরীক্ষা করাইনি। কাল (শুক্রবার) রাতে ব্যথা ওঠায় সকালে মাতৃসদনে নিয়ে যাই। সেখানে দুটি ছেলে ও চারটি মেয়ে হয়। এখন একটি মেয়ে ও একটি ছেলে বেঁচে আছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান প্রণব কুমার চৌধুরী বলেন, ‘নবজাতকের ওজন ৭৫০ গ্রামের কম হলে তাকে অতিরিক্ত কম ওজনসম্পন্ন বলা হয়। এসব বাচ্চার শ্বাসকষ্ট, নীল হয়ে যাওয়া, মস্তিষ্কে ক্ষরণসহ অনেক সমস্যা হয়। আমরা এই দুটি বাচ্চাকে যথাযথ চিকিৎসা দিচ্ছি। দুই সপ্তাহ না গেলে বলা যাবে না—এদের অবস্থা কী হয়।’