একসঙ্গে তিন নবজাতকের জন্ম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মর্জিনা বেগম (৩০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে তিনি প্রসব করেন। তিন সন্তানের দুটি ছেলে ও একটি মেয়ে।
মর্জিনা উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি গ্রামের সহিদুর রহমানের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করেন।
তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের অবস্থা ভালো না বলে জানিয়েছেন স্থানীয় পল্লি চিকিৎসক ইয়াকুব আলী। তিনি বলেন, ‘পরিবারটি খুবই গরিব। তিন সন্তানকে প্রতিদিন ১ কেজি গাভির দুধসহ বাড়তি খাবার খাওয়াতে হবে। না হলে সন্তান তিনটিকে বাঁচানো সম্ভব হবে না।’
নবজাতক তিনটির বাবা সহিদুর রহমান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মর্জিনার প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন স্থানীয় পল্লি চিকিৎসক ইয়াকুব আলীকে বাড়িতে ডেকে আনা হয়। ওই চিকিৎসক চিকিৎসা শুরুর আধা ঘণ্টা পর দুইটি ছেলে এবং এর পাঁচ মিনিট পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন সন্তান জন্মদানের পর তাঁর স্ত্রী জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন বলে তিনি জানান।